

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিশাল জনসভা অনুষ্ঠিত
শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর বিধান গ্রহণের আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় বিশাল জনসভা করেছে হেযবুত তওহীদ। সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৩০ জানুয়ারি শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় এ জনসভার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, ‘আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে মানুষের তৈরি জীবনব্যবস্থা গ্রহণ করায় সারা পৃথিবী আজ চরম সঙ্কটে নিপতিত হয়েছে। একটার পর একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও চলছে সীমাহীন অস্থিরতা। রাজনৈতিক হানাহানি, মব-সন্ত্রাস, ধর্মীয় উগ্রবাদ, অর্থনৈতিক শোষণ, বিচারহীনতা ও অনিরাপত্তা মহামারী আকার ধারণ করেছে।’ এই সঙ্কট থেকে মুক্তির জন্য তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
‘রাজনৈতিক নেতারা নির্বাচন উপলক্ষে জনগণকে অনেক আশ্বাসবাণী শোনাচ্ছেন। স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু আমি লিখে দিতে পারব- ক্ষমতায় যাবার পর প্রচলিত সিস্টেমের ফাঁদে পড়ে তারাও মানবাধিকার লঙ্ঘন করতে বাধ্য হবেন, স্বৈরাচারী আচরণ করতে বাধ্য হবেন। সিস্টেমই তাদেরকে বাধ্য করবে। সেজন্য আমরা বলেছি আগে সিস্টেম পরিবর্তন করা দরকার।’- বলেন হেযবুত তওহীদের এই নেতা।
ঔপনিবেশিক যুগের শোষণমূলক রাষ্ট্রব্যবস্থা, বিচারব্যবস্থা, অর্থব্যবস্থা ও সমাজব্যবস্থার চর্চাই আমাদেরকে এই ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে -এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই অচলায়তন ভাঙতে হলে আল্লাহর দেওয়া তওহীদভিত্তিক জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর হুকুমের দিকে প্রত্যাবর্তন করতে হবে। সেটার রূপরেখা আমরা সরকারের সামনে ও জনগণের সামনে তুলে ধরেছি।’

হেযবুত তওহীদের খুলনা বিভাগের আমির তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এসএম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খুলনা অঞ্চলের আমির সামসুজ্জামান মিলন।
এর আগে শীতের কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কুষ্টিয়া ও এর আশেপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেন। বাদ জুমা জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।








