কোনো একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়: সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনসহ যারা ষড়যন্ত্র করছে, সবাইকে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সবার জন্য সমতা আনতে হবে। আমাদের নম্রতা-ভদ্রতা, আমাদের দুর্বলতা নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না। এ সময় নির্বাচন কমিশনকে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমতা বিধান করে দেশে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। নির্বাচন কমিশন ও আরেকটি রাজনৈতিক দল মনে করল, এটি আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ওই রাজনৈতিক দল নির্বাচন থেকে বিভিন্ন কৌশলে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। আমরা কোনো সুযোগ দেব না। আমরা এত রক্তের বিনিময়ে প্রত্যাশিত গণতন্ত্রকে ফিরিয়ে আনব।
সালাহউদ্দিন আহমদ ইসির উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনসহ যারা ষড়যন্ত্র করছে, সবাইকে বলতে চাই, সমতা বিধান করতে হবে। সবার জন্য সমতা আনতে হবে। আমাদের নম্রতা-ভদ্রতা, আমাদের দুর্বলতা নয়।








