পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে প্রায় দেড় যুগ পর। দীর্ঘ সময় পর কমিটি গঠনের খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হলেও কমিটি ঘোষণার পরই বিভিন্ন পদে থাকা-না থাকা এবং দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় কয়েকজন পরিচিত মুখ নতুন কমিটিতে স্থান পাননি। এ নিয়ে তৃণমূলে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে তারা জানান।
স্থানীয় পর্যায়ে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন মো. সাগর আহমেদ, রাজিব আহসান, তরিকুল ইসলাম রিয়াদ, লোকমান মৃধা ও রাকিব হাওলাদার। তাদের মধ্যে রাজিব আহসান সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তারা স্থানীয়ভাবে পরিচিত বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে, কমিটিতে অপেক্ষাকৃত জুনিয়র ও স্থানীয়ভাবে কম পরিচিত কয়েকজনকে বিভিন্ন পদে রাখা হয়েছে—এমন অভিযোগও করেছেন স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। তাদের মতে, দীর্ঘদিন দলের সঙ্গে থাকা কর্মীদের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
তবে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে, তা সাংগঠনিক কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলবে—সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মীদের।