

শেরপুর প্রতিনিধি: মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু
শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (২৯ মার্চ) বিকেলে পৌরশহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি ভাড়া নেওয়া ভবনে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন। সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ।
অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালায়। এর আগে গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহের প্রান্ত ও নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকেই হাসপাতালটি বন্ধ রাখা হয়। পরে রোববার বিকেলে প্রশাসন অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে।
অভিযানকালে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মোঃ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








