জেলা প্রতিনিধি (বগুড়া)–
বগুড়ায় ফের ৫ দিনের ব্যবধানে যুবক খুন হয়েছে। এবার বিলিয়ার্ড (পুল) খেলার দ্বন্দ্বে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া শহরের নামাজগড়ে হাবিবুর রহমান বিপুল (২১) নামে যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের ৩য় তলায় অবস্থিত ব্রেক এন্ড রান নামের প্রতিষ্ঠানে।
শুক্রবার রাত পৌণে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপুল শহরের বাদুড়তলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। বিপুল দোকানের কর্মচারি বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
নিহতের বড় ভাই শামিম সাংবাদিকদের জানান, বিপুল শহরের নামাজগড়ের ব্রেক এন্ড রান নামের একটি প্রতিষ্ঠানে বিলিয়ার্ড খেলছিলো। এসময় ৭/৮ জন যুবক খেলার জন্য সেখানে যায়। তারা এ সময় বিপুলকে সরে যেতে বলেন।
কিন্তু বিপুল সরে না যাওয়ায় বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে তাঁরা বিপুলকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় বিপুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বিলিয়ার্ডের মালিক আরিফ জড়িত আছে বলে নিহতের ভাই দাবি করেন। এঘটনায় অতিঃ পুলিশ সুপার শরাফত ইসলাম জানান জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।








