
ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একটি পরিবারে জন্ম নিলেও রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা তারেক রহমানের জন্য মোটেও সহজ ছিল না। বাবা ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি, মা সাবেক প্রধানমন্ত্রী—তবুও উত্তরাধিকারের ছায়া পেরিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে তাঁকে পাড়ি দিতে হয়েছে কণ্টকাকীর্ণ এক দীর্ঘ পথ। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র আর একের পর এক প্রতিকূলতাকে সঙ্গী করেই তিনি উঠে এসেছেন বিএনপির নেতৃত্বের শীর্ষে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান। আজ ২০ নভেম্বর, তাঁর জন্মদিন।
১৯৬৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোলজুড়ে আসেন জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমান।
শৈশবের স্মৃতিতে তাঁর জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো। বয়স তখন মাত্র সাড়ে তিন বছর। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দেশ যখন উত্তাল, পিতা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই সংকটময় সময়ে মা বেগম খালেদা জিয়ার হাত ধরে পাকিস্তানি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন শিশু তারেক। কিন্তু শেষ রক্ষা হয়নি; মা ও ছোট ভাইসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি হতে হয় তাঁকে।
স্বাধীনতার পর এক ঐতিহাসিক পটপরিবর্তনে রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। কিন্তু পিতার অকাল মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচারবিরোধী আন্দোলনের হাল ধরেন, তখন তরুণ তারেক রহমানও নীরব থাকতে পারেননি; নেমে আসেন রাজপথের লড়াইয়ে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। তবে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছানোর সুযোগ পান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন স্মৃতিচারণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারেক রহমান ক্যাম্পাসে থেকে ছাত্রদের সাহস ও সহযোগিতা জুগিয়েছেন। কেবল দলের প্রধান হিসেবেই নন, সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন।
২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির অভাবনীয় সাফল্যের পেছনে তাঁর কৌশলী পরিকল্পনার বড় ভূমিকা ছিল। এর স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে দলের স্থায়ী কমিটি তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের মতে, তারেক রহমান জন্মসূত্রেই রাজনীতিবিদ। মানুষের ভালোবাসা অর্জন করে তিনি পৌঁছে গেছেন তৃণমূলের একদম গভীরে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের তরুণ ও যুবসমাজের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম হয়ে ওঠেন। বাবার আদর্শকে ধারণ করে ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে তিনি কেন্দ্রের সাথে প্রান্তিক নেতাকর্মীদের এক অটুট সেতুবন্ধন তৈরি করেন।
তবে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় ২০০৭ সালের মার্চে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনে। শুরু হয় দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন।
প্রবাসের সেই একাকী দিনগুলো ছিল ভীষণ বেদনার। মা বেগম খালেদা জিয়ার স্নেহ ও সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি নির্বাসনে থাকা অবস্থাতেই হারান একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। প্রিয় ভাইয়ের শেষ বিদায়ে পাশে থাকতে না পারার অপূর্ণতা ও শোক তাঁকে নীরবে বয়ে বেড়াতে হয়েছে।
দূর প্রবাসে থেকেও দলকে আগলে রেখেছেন তিনি। ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে মা কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলের চেয়ারম্যান হিসেবে হাল ধরেন।
, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতায় থাকলে সাধারণত শীর্ষ নেতাদের জনপ্রিয়তা কমতে থাকে। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র—দলের চেয়েও ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তা এখন আরও বেশি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, ত্যাগ আর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশে ফিরে তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হয়েও তাঁর সাদামাটা ও নিরহংকার জীবনযাপন সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। জাতীয়তাবাদের রাজনীতির কাণ্ডারি হিসেবে দেশের নানা সংকট মোকাবিলায় আগামী দিনে তাঁর নেতৃত্ব দেশকে কোন নতুন দিগন্তে নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী।