সাংবাদিক কার্ড অনলাইনে নয় ম্যানুয়ালি ইস্যু করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক


আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুতে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি কার্ড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের দীর্ঘদিনের অভিযোগ ও আলটিমেটামের পর এ সিদ্ধান্তে আসে কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
জ্যেষ্ঠ সচিব আরও জানান, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন কার্যকর থাকবে। তবে যারা এখনো অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই এই আবেদন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেক সাংবাদিক অভিযোগ করেন, অনলাইন সিস্টেমটি জটিল ও ব্যবহারবান্ধব নয়, ফলে আবেদন করতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অনলাইন আবেদন প্রক্রিয়াকে সহজ করার আশ্বাস দিলেও বাস্তবে সমস্যার পূর্ণ সমাধান হয়নি বলে জানান সাংবাদিক নেতারা।
এরই মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে কার্যকর সমাধানের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কর্মসূচির ঘোষণারও ইঙ্গিত দেওয়া হয়।
এই প্রেক্ষাপটেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং সংবাদ সংগ্রহ আরও সহজ ও নির্বিঘ্ন হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কার্ড ইস্যুর ক্ষেত্রে সাংবাদিকদের পরিচয় যাচাইসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে। ম্যানুয়ালি কার্ড ও গাড়ির স্টিকার বিতরণের সময়সূচি এবং নির্দেশনা শিগগিরই জানানো হবে।








