রাজউকের অনুমোদিত সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে আলিফ নগর সোসাইটিতে জনরোষ:
শেখ মনিরুল ইসলাম। সিনিয়র স্টাফ রিপোর্টার


ঢাকা মহানগরীর আফতাবনগর ডি-ব্লক ২০ ফুট সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে আলিফ নগর সোসাইটির উদ্যোগে ব্যাপক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাজউকের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী নির্মিত ও ব্যবহৃত সংযোগ সড়ক বন্ধ করে দেওয়ার ফলে হাজারো মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে আলিফনগর, আফতাবনগর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণের স্বার্থে রাজউকের মাস্টারপ্ল্যান অনুযায়ী সংযোগ সড়কটি উন্মুক্ত রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন বারিধারা সোসাইটির সেক্রেটারি ও রাজনীতিবিদ সোলেমান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মিন্টু, আলিফ নগর সোসাইটির সেক্রেটারি আকরাম হোসেন টিটু, এনসিপি নেতা মোক্তার হোসেন, স্থানীয় সমাজসেবক দীপু, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মোবারক হোসেন, ফরিদ, টুটুল ও নুরুন নাহার।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সংযোগ সড়ক বন্ধ করে এলাকার সাধারণ মানুষের চলাচলের অধিকার হরণ করা হচ্ছে। এটি শুধু জনদুর্ভোগই নয়, বরং নগর পরিকল্পনারও পরিপন্থী। তারা অবিলম্বে সংযোগ সড়কটি উন্মুক্ত করার দাবি জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে অ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, রাজউকের অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করা রাষ্ট্রীয় সংস্থাগুলোর দায়িত্ব। জনগণের চলাচলের পথ বন্ধ করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হলে এলাকাবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কটি উন্মুক্ত না করা হলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানান তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসী রাজউকের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী আফতাবনগর-আলিফনগর সংযোগ সড়ক দ্রুত চালুর দাবিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।








