

কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া ও সাদুল্লারচর এলাকায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বোরো ফসলের “মাঠ দিবস” অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর এর আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮ জাতের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ ইমরুল কায়েস, জেলা প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ হারুন অর রশীদ ও সদর উপজেলার কৃষি অফিসার মুহাম্মদ জয়নুল আলম তালুকদারসহ কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান-১০৮ একটি উচ্চ ফলনশীল ও চিকন চালের জাত, যা জিরা ধানের মতো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি।
তারা আরও বলেন, এই জাতের ধানের গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৮.৭ টন এবং এর জীবনকাল ১৪৯ থেকে ১৫১ দিন। গাছ মাঝারি উচ্চতার হওয়ায় সহজে হেলে পড়ে না এবং প্রতি ছড়ায় ২৫০-২৭০টি পর্যন্ত ধান পাওয়া যায়। এছাড়া রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকদের কাছে এটি একটি লাভজনক জাত হিসেবে বিবেচিত হচ্ছে। মাঠ দিবসে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও সঠিক সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।








