রাজনীতিসারাদেশ

হেরে গিয়েও ভোটারদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি মনীষা চক্রবর্তী

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী ভোটারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

সেই সঙ্গে বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে বাসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এক বিবৃতিতে মনীষা চক্রবর্তী এ অভিনন্দন জানান।

বিবৃতিতে মনীষা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী সব ভোটারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জ্ঞাপন করছি। একই সঙ্গে এই আসনের সব মানুষের প্রতি আমার শুভকামনা রইল।

বিবৃতিতে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্র, পোস্টাল ভোটসহ মোট ২২ হাজার ৪৮৬টি ভোট পেয়েছে। এই সাড়ে ২২ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের ওপর আস্থা রেখেছেন। এদের মধ্যে রয়েছেন অনেক তরুণ ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী জনগোষ্ঠী। এই ভোটাররা শুধু একটি সংখ্যা নন, তারা ব্যবস্থা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক। এই মানুষগুলো প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিবর্তন চান।

মনীষা বলেন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের শক্তিকে সামনে রেখে আগামী দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানো এবং সমাজ বদলের লড়াইকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়েই তিনি ও তার দল এগিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button