

সরাইল ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ভূমিসেবা মেলা ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সরাইল শহীদ মিনার সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের হয়রানি কমাতে এ ধরনের ভূমিসেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সেলিম উল্লাহ (কানন গো), আকলিমা আক্তার (সার্ভেয়ার), সরাইল উপজেলার বিভিন্ন ভূমি অফিসের নায়েব আশিষ চন্দ্র দাস, লোকনাথ বর্মন, কুমুদ দেবনাথ, অলিউর রহমান, নাসরিন আক্তার, জামাল উদ্দিন, শাহ মোঃ নিয়ামত উল্লাহ, জিয়াউল আলম এবং বিকাশ দেবনাথ (নাজির)।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা, অনলাইন সেবা সম্প্রসারণ, নামজারি, খতিয়ান, পর্চা ও অন্যান্য ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে এ ধরনের মেলা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে।
মেলায় বিভিন্ন সরকারি সেবা স্টল স্থাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত তথ্য, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। এতে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমিসেবা মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিভিন্ন সেবা প্রদান, তথ্যবিনিময় সেশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এ আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম ঘুরে দেখেন।








